ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে পূর্ণমন্ত্রী এবং রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনার মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। এই তিন মেয়রের পদমর্যাদা নির্ধারণ করে গতকাল মঙ্গলবার আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে তারা সরকার নির্ধারিত পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। বাংলাদেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশেন রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন পূর্ণমন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী উপ-মন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন। ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হককেও সরকার পূর্ণমন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল। সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদার বিষয়ে কিছু বলা নেই। সরকার কোনো কোনো মেয়রের পদমর্যাদা নির্ধারণ করে দেয়।
