পাবনার বেড়ায় আওয়ামী লীগ নেতা মুকুলকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:৩৯
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকালিয়া আনোয়ার কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস হোসেন মুকুলকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় হজরত আলী (৩৫)নামের একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মোকাদ্দেস হোসেন মুকুল উপজেলার হাটুরিয়া গ্রামের শিকার মোল্লার ছেলে। রবিবার রাতে সন্ত্রাসীরা তাকে হত্যা করে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে মোকাদ্দেস মাষ্টার মোটরসাইকেলে নাকালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা ৮/১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে এবং গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার সহপাঠী হজরতকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। তাদের চিত্কারে পরিবারের লোকজন ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ এনায়েতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাস্তায় মোকাদ্দেস মাষ্টার মারা যান। সন্ত্রাসীরা হজরত আলীর একটি হাত কেটে নিয়ে গেছে। তিনি এনায়েতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। সোমবার নিহতের ভাই আব্দুস ছাত্তার মোল্লা বাদী হয়ে ৯ জনকে আসামি করে বেড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল আওয়ামী লীগ নেতা মোকাদ্দেস মাষ্টারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানান।