রাজশাহীতে ব্যবসায়ীদের তাঁত বস্ত্রের নামে মেলা আয়োজন বন্ধের দাবি

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:৪০
রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার সড়ক গত রবিবার অবরোধ করে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। অবরোধ কর্মসূচিতে নগরীর আরডিএ মার্কেট, নিউমার্কেট, হড়গ্রাম মার্কেট, সাহেব বাজার, লক্ষীপুর বাজারসহ বিভিন্ন বাজার ও মার্কেটের ব্যবসায়ীরা অংশ নেন। ব্যবসায়ীরা তাঁত বস্ত্রের নামে মেলা আয়োজন বন্ধের দাবি জানান। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবছর রমজান মাসে প্রশাসনের কর্মকর্তারা মোটা অংকের অর্থের বিনিময়ে তাঁতবস্ত্রের মেলার নামে বহিরাগত ব্যবসায়ীদের নগরীতে মেলা করার সুযোগ করে দেয়। এ মেলায় অত্যন্ত নিম্নমানের সামগ্রী কম দামে বিক্রি করা হয়। ফলে রাজশাহীর সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এমনকি সাধারণ ক্রেতারাও প্রতারিত হন। এবারো মহানগরীর বর্ণালী মোড়ের ডেস্টিনি মাঠে মেলার প্রস্তুতি চলছে। এ মেলা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধনে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি মো. শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, ব্যবসায়ী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ বক্তব্য রাখেন।