গতকাল সোমবার রমজানের শুরুতে যানজটে প্রায় অচল হয়ে পড়ে রাজধানী বহু এলাকা। ঢাকা মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাপক তত্পরতার পরও যানজট থেকে রেহাই পাওয়া যায়নি। তবে সব এলাকাতে গতকাল যানজট ছিল না। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল ও আশপাশের এলাকা ছিল যানজটে অবরুদ্ধ। অবশ্য মিরপুর, ফার্মগেইট, মোহাম্মদপুর এলাকায় খুব একটা যানজট গতকাল ছিল না। বাণিজ্যিক এলাকায় যানজট থাকায় অফিসমুখী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। আবার ঘরে ফেরার সময়ও পড়তে হয় যানজটের কবলে।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে আগে ভাগেই বলা হয়েছে, এবার যানজট নিরসনে ব্যাপক কর্মসূচি নিয়েছে পুলিশ। কিন্তু গতকাল প্রথম দিন পুলিশের সেসব তত্পরতা খুব একটা চোখে পড়েনি। পুলিশ কর্মকর্তারা বলছেন, একই সময়ে অফিসে যাওয়া ও অফিস থেকে বাসায় ফেরার সময়ও একই হওয়ায় নির্দিষ্ট কিছু সময় যানজট তৈরি হয়েছে। রমজান মাস ছাড়া অন্য মাসগুলোতে বিভিন্ন অফিস বিভিন্ন সময় শুরু ও শেষ হয়। কিন্তু রমজান মাসে সব অফিসই একই সময়ে শুরু হয়ে একই সময়ে শেষ হয়। ফলে ওই নির্দিষ্ট সময় ট্রাফিক শত চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পুলিশের দাবি, অন্য যে কোন বছরের তুলনায় এবার রমজানের প্রথম দিন রাজধানীতে যানজট কম ছিল। তবে দিনের অন্যান্য সময় রাজধানী যানজট মুক্তই ছিল।
