নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ হত্যা মামলায় গ্রেফতার ১৩ জনকে সোমবার নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। সকালে কঠোর নিরাপত্তায় তাদেরকে নিয়মিত হাজিরার অংশ হিসেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম শফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালতে সেভেন মার্ডারের ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা নজরুলসহ ৫ জনকে হত্যা মামলার শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে আদালত আগামী ২০ আগস্ট পরবর্তী শুনানীর দিন ধার্য করেন। এর মধ্যে র্যাবের চাকরিচ্যুত তিনজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ও অন্যদের নারায়ণগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ও এসআই আশরাফ জানান, ৫ হত্যা মামলায় গ্রেফতারকৃত র্যাব-১১ এর সাবেক অধিনায়ক অবসরে পাঠানো সেনাবাহিনীর লে. কর্নেল তারেক সাঈদ, উপ-অধিনায়ক মেজর আরিফ হোসেন ও র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানীর ইনচার্জ লে. কমান্ডার এম এম রানাসহ ১৩ জনকে আদালতে আনা হয়েছিল। হত্যা মামলায় র্যাব কর্মকর্তাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে আদালতে হাজির করা হয়। আগামী ২০ আগস্ট পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাঈনুর রহমান জানান, আগামী হাজিরা থেকে তাদেরকে অ্যাডভোকেট চন্দন সরকার হত্যা মামলা ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জনের হত্যা মামলায় পৃথক পৃথক নয় দুটি মামলায় এক সাথে হাজির করা হবে।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহূত হন। পরদিন ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী। কাউন্সিলর নূর হোসেনকে প্রধান করে মামলায় আসামি করা হয় মোট ৬ জনকে। মামলার অপর আসামীরা হলো— সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, হাসমত আলী হাসু, আনোয়ার হোসেন আশিক, আমিনুল ইসলাম রাজু ও ইকবাল হোসেন। গত ৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়।
