প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্যেষ্ঠ কবি আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, আবুল হোসেনের মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রথিতযশা আধুনিক কবিকে হারালো। তিনি বলেন, ৪০’র দশকের অন্যতম প্রধান কবি আবুল হোসেনের লেখনী আমাদের আবহমান সাহিত্যের ভান্ডারে অমূল্য সম্পদ হয়ে বেঁচে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আবুল হোসেন রবিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
জাতীয় পার্টির (জেপি) শোক
জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম কবি আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে জেপি মহাসচিব বলেন, তার মৃত্যুতে কবিতার জগতের একজন অভিভাবককে হারালাম আমরা। জেপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।—প্রেস বিজ্ঞপ্তি
