ধোনি-রাহুলে ম্লান বাংলাদেশের বোলিং

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৫৮

স্কোয়াডে থাকা সব বোলারকেই পরখ করে দেখেছে বাংলাদেশ। এর মধ্যে চার ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও রুবেল হোসেন দারুণ শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশকে। রান করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছিলো ভারতীয় ব্যাটসম্যানদের; কিন্তু হঠাত্ সেই রাশ আলগা হয়ে গেলো।

প্রস্তুতি ম্যাচ বলে সবাইকে বোলিং করাতে গিয়ে আলগা হয়ে গেলো বাঁধন। মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুল দানবীয় দুই সেঞ্চুরি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিলেন। ফলে গতকাল কার্ডিফে শেষ অনুশীলন ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৫৯ রানের বিশাল পুঁজি করল ভারত। 

জবাবে বাংলাদেশ ৮ ওভারে বিনা উইকেটে ৪৭ রান তুলেছে।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে সে সিদ্ধান্ত দারুণ বলেই প্রমাণ হচ্ছিল। উইকেটের সামান্য সুবিধা কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশি ফাস্ট বোলাররা। প্রথম ১১ ওভারে ভারত ৩৬ রান তুলতে পারে ১ উইকেটে। এরপরও বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিলো ম্যাচে। ২২ ওভারে ভারতীয়রা ১০২ রান ৪ উইকেটে। এর মধ্যে বিরাট কোহলি ৪৭ রান করে সাইফউদ্দিনের দারুণ এক ইয়র্কারের শিকার হয়ে ফেরেন। রুবেল হোসেন তুলে নেন রোহিত শর্মা ও বিজয় শঙ্করের উইকেট। আর সবার আগে শিখর ধাওয়ানকে ফেরান মুস্তাফিজ।

আর এরপরই শুরু হয় লোকেশ রাহুল ও ধোনির পাল্টা আক্রমণ। এই দুই জন প্রথমে একটু ধীরগতিতে ইনিংস তৈরি করেন। একটু থিতু হওয়ার পর দুই জনই পাল্টা আক্রমণ করেন। রাহুল ৯৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ১০৮ রান করে ফেরেন। আর ধোনি একেবারে শেষ প্রান্তে এসে আউট হওয়ার আগে ৭৮ বলে ১১৩ রান করে আউট হন; তার ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। 

শেষ ২৮ ওভারে ভারতের ২৩৭ রান এসেছে। মানে এই সময়ে ওভারপ্রতি ৮.৪৬ করে রান এসেছে।