শেফ হচ্ছে ওয়াটসন

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:০৭
সুপারকম্পিউটার ওয়াটসনকে বৈচিত্র্যময় সব কাজে ব্যবহারের ধারাবাহিকতায় এবারে শেফ হিসেবেও ব্যবহারের যৌথ উদ্যোগ নিয়েছে আইবিএম এবং ম্যাগাজিন বোন অ্যাপেটি। আইবিএম জানিয়েছে, ‘শেফ ওয়াটসন উইথ বোন অ্যাপেটি’ নামের অ্যাপ্লিকেশনটি একেবারেই নতুন নতুন ধরনের রেসিপি তৈরি করতে সহায়তা করবে বাবুর্চিদের। কগনিটিভ কম্পিউটিংয়ে সক্ষম ওয়াটসন প্রচলিত বিভিন্ন রেসিপির বিশাল ভাণ্ডার যেমন নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে, তেমনি এসব রেসিপিকে নিজের মতো করে চর্চা করে তা থেকে সম্পূর্ণ নতুন রেসিপিও তৈরি করতে পারে। সাধারণভাবে বাবুর্চিরা যে ধরনের উপাদানকে একত্রে ব্যবহার করতে চান না, ওয়াটসন একইসাথে পুষ্টিগুণ ও স্বাদ বিবেচনা করে সেগুলোকে নিয়ে নতুন রেসিপি তৈরি করতে সক্ষম। ইতোমধ্যেই ওয়াটসন এমন কিছু রেসিপি তৈরিও করেছে। বোন অ্যাপেটির পাঠকরা সেগুলো চেখেও দেখেছেন এবং পছন্দও করেছেন। ওয়াটসন রন্ধনশিল্পে সৃজনশীলতার নতুন দ্বার উন্মুক্ত করবে বলে মন্তব্য করেছেন বোন অ্যাপেটির সম্পাদক।