ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে নিখোঁজ হওয়া তিন ইসরাইলি কিশোরের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে। এরই মধ্যে তিন কিশোরকে অপহরণ ও হত্যার ঘটনার জন্য ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক দল হামাসকে দায়ী করে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ইসরাইল।
নাফতালি ফ্রেনকেল(১৬), গিলান্ড শার(১৬) এবং ইয়েল ইফ্রাচ(১৯) নামের নিখোঁজ তিন কিশোরের সন্ধানে তল্লাশি চালানোর সময় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে তাত্ক্ষণিকভাবে ওই কিশোরদের মৃত্যুর কারণ জানা যায়নি। সোমবার এক ইসরাইলি সেনা মুখপাত্র বলেন, হেবরন শহরের উত্তরাঞ্চলীয় হালহুল এলাকার এক গর্ত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইসরাইলের সরকারি বেতারও ওই শহরের কাছে একটি মাঠ থেকে মৃতদেহগুলো উদ্ধার করার কথা জানিয়েছে। হেবরন শহরটি পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল থেকে মাত্র ১০ মিনিটের পথ। উল্লেখ্য, পশ্চিম তীরের ওই এলাকাতেই শেষবারের মতো ওই তিন কিশোরকে দেখা গিয়েছিল। তরুণদের মৃতদেহ উদ্ধারের খবর প্রকাশের আগে সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন। মৃতদেহ উদ্ধারের পর এ ঘটনার জন্য ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন হামাসকে দায়ী করেন নেতানিয়াহু।এর আগে ইসরাইলের উপ-প্রতিরক্ষামন্ত্রী ড্যানি ড্যানন মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে ওই কিশোরদের হত্যা করার অভিযোগে ইসলামপন্থি রাজনৈতিক দল হামাসকে নির্মূল করতে ব্যাপক অভিযান চালানোর ঘোষণা দেন। তবে হামাস অপহরণ ও হত্যার এই অভিযোগ নাকচ করেছে। ইসরাইলি নিরাপত্তা কমিটির বৈঠকে নেতানিয়াহু হামাসকে লক্ষ্য করে বলেন,‘জানোয়াররা তাদেরকে অপহরণ করে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে। হামাসকে এর মাসুল দিতে হবে।’ তবে হামাস মুখপাত্র সামি আবু জুহরি সংবাদ সংস্থা এপিকে বলেন, তারা ওই তরুণদের অপহরণ বা হত্যার ঘটার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীর হুমকি প্রসঙ্গে বলেন, এ নিয়ে ইসরায়েল যদি বাড়াবাড়ি করে তবে ‘নরকের দরজা খুলে যাবে।’
গত ১২ জুন পশ্চিম তীর থেকে ওই তিন ইসরাইলি তরুণ নিখোঁজ হওয়ার পর তাদের সন্ধানে পশ্চিম তীর ও ফিলিস্তিনী শহরগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ সময় সেনাদের গুলিতে নিহত হয় পাঁচজন। এছাড়া আটক করা হয় আরো চারশ’ ফিলিস্তিনীকে। এসব ঘটনায় ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে ঐতিহাসিকভাবে বিরোধপূর্ণ সম্পর্কের আরো অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
