কুমিল্লা সদর আসনের এমপি’র ভাতিজা ও ব্যবসায়ী আহসান হাবিব সুমু হত্যায় ব্যবহূত পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রিমান্ডে থাকা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সালেহ্ আহমেদ রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল মঙ্গলবার ভোর রাতে নগরীর রানীর দীঘিরপাড় এলাকা থেকে পুলিশ এ অস্ত্র উদ্ধার করে।
গত ২৯ মে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে কলেজের অদূরে মুন্সেফবাড়ি এলাকায় ছাত্রলীগ নেতা সালেহ্ আহমেদ রাসেলসহ তার গ্রুপের কর্মীরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর চালায়। এ সময় স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা ও বেসরকারি নিরাপত্তা সংস্থা গার্ড বাংলাদেশের পরিচালক আহসান হাবিব সুমু বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
