মাইডাস ফাইন্যান্সের রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের ৫২২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইডাস ফাইন্যান্স ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে। মোট ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৩৮টি সাধারণ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছেড়ে ৬০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩৮০ টাকা সংগ্রহ করবে। অভিহিত মূল্য ১০ টাকায় প্রতিটি শেয়ার ইস্যু করা হবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক মূলধনের পর্যাপ্ততা পূরণ তথা মূলধনের ভিত্তি শক্তিশালীকরণ, লিজ ফাইন্যান্স, টার্ম ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, গৃহায়ন ঋণ সমপ্রসারণ ইত্যাদি খাতে ব্যবহার করবে। রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।
এছাড়া সভায় এবি ব্যাংককে বন্ড ছেড়ে মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে কমিশন। বন্ডের আকার ২৫০ কোটি টাকা। এটি নন-কনভারটেবল সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাত্ বন্ডটি শেয়ারে রূপান্তর করা যাবে না। বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে, নন-কনভারটেবল, আন-সিকিউরট সাবঅর্ডিনেটেড বন্ড। কুপন রেট ১১ থেকে ১৩ শতাংশ। বন্ডটি ৭ বছরে পরিপূর্ণ পুনরুদ্ধার (রিডেম্পশন) হবে। শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডটি কিনতে পারবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১ কোটি টাকা। প্রসঙ্গত, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এবি ব্যাংক লিমিটেড ব্যাসেল-টু এর শর্ত পূরণ, টায়ার ২ মূলধন বৃদ্ধি, ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখতে ব্যয় করবে।
