ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য পুনঃঅর্থায়ন তহবিল

দ্বিতীয় কিস্তির অর্থ চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:২৪
পুঁজিবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি লাঘবে সরকারের বিশেষ পুনঃঅর্থায়ন ঋণ সহায়তার তহবিল থেকে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের আবেদন জানিয়েছে তদারক কমিটি। গত ২৬ জুন দ্বিতীয় কিস্তি হিসেবে ৩০০ কোটি টাকা ছাড় করতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয়া হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে পুনঃঅর্থায়ন ঋণ তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকার মধ্যে ২৯৯ কোটি ৮২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের প্রায় ১১ হাজার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর জন্য এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, ঋণ সুবিধা পাওয়া ১৩টি প্রতিষ্ঠানে মোট ৯ হাজার ৬ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী রয়েছেন, যাদের ২৩৯ কোটি ৫০ লাখ টাকার ঋণ সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৯টি মার্চেন্ট ব্যাংকের ৬ হাজার ৭২৫ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পেয়েছেন ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা। আর ৪টি ব্রোকারেজ হাউসের ২ হাজার ২৮১ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পেয়েছেন ৫৫ কোটি ৯৪ লাখ টাকা। পুনঃঅর্থায়ন তহবিল থেকে সবচেয়ে বেশি ঋণ ছাড় করা হয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের অনুকূলে। আইসিবির সহযোগী এ প্রতিষ্ঠান ৩০০ কোটি টাকার তহবিল থেকে ৮৪ কোটি ৪৮ লাখ টাকা পুনঃঅর্থায়ন সহায়তা পেয়েছে। পুনঃঅর্থায়ন তহবিলের ঋণ সুবিধা পাওয়া এ প্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৩৬২ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এ ঋণ সহায়তা পেয়েছেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত আরেক প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে ৭৯৬ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর জন্য ৪০ কোটি ৭৮ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হয়েছে।