তিড়িং বিড়িং পিচ্চি ফড়িং

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৩২

 

তিড়িং বিড়িং দুষ্টু ফড়িং উড়ছিলো

ফুলের থোকায় মৌমাছিরা ঘুরছিলো,

তিড়িং বিড়িং একটা ফড়িং তাই দেখে

ছবির পাতায় জল রঙেতে যাই এঁকে।

 

ময়না কোকিল টুনটুনিটার গান শুনে

ফুলপরিটা উঠলো নেচে ফাল্গুনে,

ঝিলের জলে পদ্মপাতায় রোদ এসে

ছদ্মবেশী মেঘের মেয়ে যাই ভেসে।

 

বাউল বাতাস দোল দিয়ে যায় ঝাউবনে

দূরে রাখাল বাজায় বাঁশি আনমনে!

কৃষ্ণচূড়া কেঁপে ওঠে সুর পেলে

দুষ্টু ফড়িং—হ্যাঁগো তোমার কই ছেলে?

 

তিড়িং বিড়িং ফড়িং মিয়া খেলছিলো

নদীর জলে কলমিলতা হেলছিলো,

আহা কোথা ফড়িং মিয়া যাও বুঝি?

খুকুর মতো দুধমাখা ভাত খাও বুঝি!

 

সবুজ ঘাসে ফড়িং মাখে রৌদ্ররে

কেউ লেখে না তারে নিয়ে পদ্যরে!

তিড়িং বিড়িং ফড়িং ছানা ইষ্টিরে

আমার খুকু তোমার মতো মিষ্টিরে।