ময়মনসিংহে শহরের চাঞ্চল্যকর পারভেজ হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় প্রদান করেন। মামলায় প্রধান আসামি হাবিবকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড ও অন্য চার আসামি স্বপ্না বেগম, জীবন, সারোয়ার, সাব্বির ও শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আসামিদের মধ্যে সারোয়ার মৃত আর দুই জন পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের পর থেকে দণ্ডাদেশ কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হযেছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে নগরীর ছত্রিশবাড়ি কলোনি এলাকার পারভেজকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দৃর্বৃত্তরা। ওই দিনই নিহতের মা সেলিনা আক্তার কোতোয়ালি মডেল থানায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ২২ জুন আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট সুবোধ চন্দ্র সরকার ও আসামি পক্ষে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু ও হাবিবুর রহমান ভুঁইয়া মামলা পরিচালনা করেন।
