কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন সংকটে শ্রেণিকক্ষে চলছে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে প্রশিক্ষণার্থী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায়, দীর্ঘ ৯ বছরেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র ইউআরসি ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। শিক্ষকদের প্রশিক্ষণ বিদ্যালয়ে চলায় একদিকে শ্রেণিকক্ষ সংকটে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, অন্যদিকে পর্যাপ্ত আসবাবপত্র না থাকায় বেঞ্চ ও মেঝেতে বসেই চলছে প্রশিক্ষণ কার্যক্রম। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষকদের প্রশিক্ষণ। ভবনটি নির্মাণের জন্য উপজেলা এলজিইডি লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থান নির্ধারণ করে প্রাক্কলন শিক্ষা অধিদপ্তরে পাঠালেও ৫ বছরে তা আলোর মুখ দেখেনি।
এদিকে ২০১৩ সালের এপ্রিল মাসে ইউআরসি ভবনের জন্য পদায়ন করা হয় একজন ইনস্ট্রাকটর, একজন সহ-ইনস্ট্রাকটর ও একজন ডাটা এন্ট্রি অপারেটর। ভবন নির্মাণ না হওয়ায় পদায়নকৃত কর্মকর্তাগণ দাপ্তরিক কার্যক্রম প্রাথমিক শিক্ষা অফিসে বসেই সম্পন্ন করেন।
