কক্সবাজারের বাজারঘাটায় ব্যক্তি মালিকানাধীন স্থাপনা উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার কক্সবাজার শাখার সভাপতি খোদেজা আক্তার সাকেরুন্নেছা সাকী। গত সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে সাকী দাবি করেন, সম্প্রতি বিনা নোটিসে কক্সবাজার শহরের বাজার ঘাটার নাপিতা পুকুর সংলগ্ন লিজ নেওয়া ও ব্যক্তি মালিকানাধীন জমিতে গড়ে ওঠা বৈধ অবকাঠামো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ উচ্ছেদ করেছে। এতে তার প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। উচ্ছেদ চালানোর সময় তিনি বারবার বৈধ কাগজপত্র দেখালেও উচ্ছেদ অভিযান চালিয়ে আজ তাদের পথে বসিয়েছে। সুবিচারের আশায় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং কক্সবাজার পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
