পত্রিকা বন্ধের ক্ষমতা ডিসিদের না দিতে সংসদে দাবি

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২২:৩২
সংবাদপত্র বন্ধের ক্ষমতা জেলা প্রশাসকদের (ডিসি) হাতে দেয়া হলে তা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। গতকাল মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এই আশঙ্কা ব্যক্ত করে তিনি বলেছেন, স্থানীয় কোনো পত্রিকায় সরকারি দলের নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেই দেখা যাবে ওই নেতা ডিসি’র মাধ্যমে প্রভাব খাটিয়ে পত্রিকাটি বাতিল করাবেন। তাই ডিসিদের হাতে এই ধরনের ক্ষমতা না দেয়ার জন্য তিনি তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। লোটাস কামালকে ‘গোবরে পদ্মফুল’ বললেন লতিফ সিদ্দিকী পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি বলেন, লোটাস কামালকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সংসদে একটি প্রস্তাব গ্রহণ করা হোক। এসময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, ‘আইসিসি’র প্রেসিডেন্ট হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরাও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিধি অনুযায়ী ধন্যবাদ প্রস্তাব আনা হলে তা বিবেচনা করা হবে।’ লতিফ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, ‘তাকে (পরিকল্পনা মন্ত্রী) অনেকে লোটাস কামাল বলে ডাকেন। এই লোটাস শব্দটি কীভাবে আসল? তা জানার কৌতূহল আছে অনেকেরই। আমি এভাবে বলে থাকি, তার স্কুলজীবনে শিক্ষার প্রতি অনুরাগ এবং জ্ঞানের প্রতি আগ্রহের কারণে শিক্ষকরা তাকে লোটাস নাম দিয়েছিলেন। অর্থাত্ গোবরে পদ্মফুল।’ টিঅ্যান্ডটি মন্ত্রী আরো বলেন, ২৬ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির বার্ষিক সভায় মুস্তফা কামালকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। পোড়ার দেশের কপালে তো কিছু হয় না। ২৬ জুন একটি বিশাল অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। সিভিল এভিয়েশন নিয়ম না মেনে বেসরকারি বিমান বন্ধ করছে জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দীন খান বাদল পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বলেন, সরকারের অনেক প্রতিষ্ঠানে সরকারেরই নীতি-নিয়ম মানা হচ্ছে না। ব্যত্যয় ঘটছে। যেমন সিভিল এভিয়েশনের দায়িত্ব যেন শুধু বেসরকারি বিমান বন্ধ করে দেয়া। এর আগে জিএমজি এয়ারলাইন্স বন্ধ করে দেয়া হয়েছে। এখন নাকি ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী বেসরকারি বিমানও বন্ধ করার চেষ্টা হচ্ছে। সরকার একদিকে বেসরকারি উদ্যোক্তাদের উত্সাহ দেবেন, আরেকদিকে সরকারের প্রতিষ্ঠান সেগুলো বন্ধের জন্য কাজ করবে, এটা তো হতে পারে না। সিরাজগঞ্জের কওমী জুটমিলের শ্রমিকরা আতঙ্কে সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত পয়েন্ট অব অর্ডারে বলেন, তার নির্বাচনী এলাকায় অবস্থিত কওমী জুটমিল শুরু থেকেই লাভজনক। পাটকলগুলোকে রাষ্ট্রায়ত্ত করে সরকার হোল্ডিং ট্যাক্স বসানোর খবরে সেখানে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সঠিক তথ্য না জেনেও চাকরি হারানোর ভয়ে শ্রমিক-কর্মচারীরা আতঙ্কিত।