যুবদল নেতাসহ ৪ আসামির রিমাণ্ড

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২২:৩২
পাবনার চাটমোহরে অপহরণ করে শিশু আব্দুল্লাহ আল নূরকে (৪) হত্যা করার মামলায় ৭ আসামির মধ্যে ৪ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে পাবনার আমলী আদালত-১ এর বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিন খান শুনানি শেষে ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মইনুদ্দিন জানান, পুলিশ রিমান্ডের আসামিরা হলো- প্রধান সন্দেহভাজন চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল বিশ্বাস, নিহত শিশুর ফুফা নতুন বাজার মহল্লার আব্দুস সামাদ, তার ছেলে কবির হোসেন ও ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের জাকিরুল ইসলাম। এর মধ্যে সোহেলের ৩ দিন, আব্দুস সামাদ, তার ছেলে কবির ও জাকিরুলকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একই মামলায় গ্রেফতার রয়েছে নিহত শিশুটির সত্ দাদী আয়শা বেগম, কবিরাজ আলহাজ্ব আলেপ মোল্লা ও ইয়াছিন আলী। এদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে। নৃশংসভাবে খুন হওয়া শিশু আব্দুল্লাহর পিতা আবুল হোসেনের ছোটশালিখা হারান মোড়ের বাড়িতে স্কুল শিক্ষিকা স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে ভাড়া থাকেন যুবদল নেতা সোহেল বিশ্বাস। ঐ বাড়ির জানালার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় রক্তমাখা চাকু, বটি (দা), স্কুলব্যাগ, ব্যান্ডেজের গজ ও পলিথিন জব্দ করেছে পুলিশ। বাড়ির ভাড়াটিয়া সোহেল টাকার লোভে শিশুটিকে হত্যার পর ৩ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।