রাজনৈতিকভাবে খালেদা জিয়াই বিরোধী দলের নেতা :কাজী আকরাম

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২২:৪৬
সরকার বা সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদ। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বিরোধীদলের নেতা মনে করেন যুক্তরাষ্ট্র সফররত এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ। আর এ কারণেই রাজনীতিতে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বিএনপির সঙ্গে সমঝোতা হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমে গেছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। স্থানীয় সময় সোমবার বিকালে নিউইয়র্কে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ। স্ট্যান্ডার্ড ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপির সহিংস আন্দোলনের কারণে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর এ কারণে বিদেশি বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যায়। তবে অনেকের ধারণা ছিল বিশ্ব এই নির্বাচন কিভাবে নেবে। কিন্তু বিশ্ব বসে নেই। সম্প্রতি ফেনী ও নারায়ণগঞ্জের আলোচিত খুনের ঘটনায় বিনিয়োগকারীদের মাঝে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তবে এই মুহূর্তে এসব নিয়ে বিতর্কে না গিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন এই ব্যবসায়ী নেতা। জিএসপি বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতির চেয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, এই সুবিধা ফিরে পেতে সরকার চেষ্টা চালাচ্ছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেস যুক্তরাষ্ট্রের সিইও আব্দুল মালেক।