সংরক্ষিত নারী আসন

বিএনপি প্রার্থী রুমিনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা

আপডেট : ২৯ মে ২০১৯, ০০:৩৪

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির একমাত্র প্রার্থী রুমিন ফারহানাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকালে মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আর কোনো প্রার্থী না থাকায় বিএনপি মনোনীত প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন ইসির যুগ্ম-সচিব ও রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম। এর আগে গত ২০ মে মনোনয়ন দাখিলের দিনে রুমিন ফারহানা এককভাবে দলটির পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার, বিকেল ৫টা পর্যন্ত রুমিন ফারহানা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছি। এখন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।

বুধবার এ সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হবে। দুয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এরপর সংসদ সদস্য হিসেবে রুমিন ফারহানার শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে চিঠি পাঠাবে ইসি সচিবালয়।

প্রয়াত ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা গত কয়েক বছর ধরেই বিএনপির কর্মকাণ্ডে বেশ সক্রিয়। পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন টকশোতে তাকে নিয়মিত দেখা যায়। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সাপ্তাহিক ইত্তেহাদের সম্পাদক অলি আহাদের গড়ে তোলা দল ‘ডেমোক্রেটিক লীগ’ এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন সাত দলীয় জোটে ছিল। দলটি এখনো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক।

উল্লেখ্য, চলতি একাদশ সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন রয়েছেন।