ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হবে -------------------রবার্ট চ্যাটারটন

আপডেট : ২৯ মে ২০১৯, ০০:৩৪

ব্রিটিশ হাই কমিশনার মি. রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে গতকাল মঙ্গলবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে চমত্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট সহযোগিতা প্রদান করে থাকে। তাছাড়া বাংলাদেশিরাও ব্রিটেনের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, রপ্তানি সহজীকরণ, বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি সিলেট চেম্বারের উত্থাপিত প্রস্তাবসমূহ যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার সিপার আহমদ, ব্রিটিশ হাই কমিশনের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড এর প্রধান মি. ডেরেক গ্রিফিথস, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অফিসার দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

মেয়র আরিফুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত্

সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। গতকাল তিনি নগর ভবনে মেয়র আরিফুল হকের সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে ব্রিটিশ হাই কমিশনার নগরীর বিভিন্ন প্রকল্প সম্পর্কে মেয়রের কাছ থেকে অবহিত হন।