সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সঙ্গেও নিয়মিত সংলাপে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আর্থিক ঘটনাবলী নিয়ে সরকার ও বেসরকারি খাতের সংলাপেও আইএমএফ মধ্যস্থতা করতে চায়। ঢাকায় সফররত আইএমএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নাওকি শিনোহারা গতকাল এফবিসিসিআইতে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, বেসরকারি খাতের বিদ্যমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সরকারি-বেসরকারি আলোচনার মাধ্যমে তুলে ধরা অপরিহার্য। এতে আইএমএফ সহায়ক ভূমিকা রাখতে পারে। এই সংলাপ ত্রৈমাসিক বা বার্ষিক হতে পারে। এছাড়া সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, ব্যাংকের ননপারফর্মিং ঋণ কমানো, ঋণের প্রবৃদ্ধি নিশ্চিতকরণ ও সহায়ক বিধি-বিধান যুগোপযোগী করার উপর গুরুত্ব দেন তিনি।
সভায় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা হাকিম আলী ও পরিচালকমণ্ডলী উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে আইএমএফের সাথে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। মনোয়ারা হাকিম আলী বলেন, বাণিজ্য-বিনিয়োগ নীতিমালা, ব্যাংকিং, অর্থ, আমদানি-রপ্তানি, অর্থায়ন ও লেনদেন, এসএমই খাতের প্রসারে আইএমএফ-এর সাথে একত্রে কাজ করার সুযোগ রয়েছে। বেসরকারি খাতের পলিসি রিফর্মসের ক্ষেত্রে এফবিসিসিআই ও আইএমএফকে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও আহ্বান জানান তিনি।
সভায় অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ খাত, আর্থিক ও রাজস্ব খাত, নতুন ভ্যাট আইন, আর্থিক ও ব্যাংকিং খাতের বিদ্যমান বিভিন্ন বিষয়ে আইএমএফের পক্ষ থেকে পরামর্শ তুলে ধরা হয়।
