জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপা সবসময় ঝড়ে কবলিত নৌকার মত। ঘরে-বাইরে সবসময় সংগ্রাম করে চলছে। একটার পর একটা বৈরী পরিবেশ মোকাবেলা করে চলতে হয়েছে। নব্বইয়ের পর থেকে ঘাত-প্রতিঘাত ও ষড়যন্ত্র এদলের নিত্যসঙ্গী। দলের চেয়ারম্যান এইচএম এরশাদের বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তনের কারণেই পার্টি আজও টিকে রয়েছে। পার্টির অস্তিত্ব রক্ষার্থেই এরশাদকে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামপুর বালুর মাঠে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদের সহোদর।
জিএম কাদের বলেন, ক্ষমতা হস্তান্তরের পর থেকে জাপা কখনোই স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি। তাই পার্টি টিকিয়ে রাখার স্বার্থে, যুগের সাথে তাল মিলিয়ে টিকে থাকার জন্য এরশাদকে বিভিন্ন সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। আর এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই জাপা অনেক ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশের উপ-কমিশনার এম ফরিদ উদ্দীন, আওয়ামী লীগ নেতা ড. আওলাদ হোসেন, তোফাজ্জল হোসেন, কাউন্সিলর নাসিম মিয়া, নাসির উদ্দিন ভূইয়া, জাপা নেতা আমিরুল উদ্দিন ডালু, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে ও ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি প্রমুখ।
ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে: হাজী মিলন
এদিকে গতকাল রাজধানীর আমলীগোলা শাহী মসজিদে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাপার প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, রোজার ঈদের আগেই শ্রমিকরা যেন বেতন-বোনাস পান, সেদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। পাশাপাশি ভেজাল খাদ্যদ্রব্য যেন কোনো অবস্থাতেই বাজারজাত না হয় সেদিকেও কঠোর নজরদারি করতে হবে। ঈদে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হবে, মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় তাও নিশ্চিত করতে হবে। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী আবুল হোসেন, সেলিম আল মোহাম্মদ প্রমুখ।
