সিলেট মহানগর ছাত্রদল নেতা ও গোবিন্দগঞ্জ কলেজ শাখার সাবেক সভাপতি জিল্লুল হক হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে গত মঙ্গলবার। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। জিল্লুল হত্যা মামলার আসামি ঐ ৬ ছাত্রনেতা হলেন— মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ আহমদ, সহ-সভাপতি নেছার আলম শামীম ও জামাল আহমদ ওরফে কালা জামাল, ছাত্রনেতা ইমাদ উদ্দিন, সায়েম আহমদ ও ফরিদ আহমদ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে জিল্লুকে নগরীর পাঠান টুলায় কুপিয়ে হত্যা করা হয়।
আরো দুইটি মামলা, আসামি শতাধিক
মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব কাদির শাহী ও জামাল আহমদ খান ওরফে কালা জামালের বাসা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এসএমপির বিমানবন্দর থানায় দুইটি মামলা হয়েছে। মাহবুব কাদির শাহী ও কালা জামালের ভাই বাদী হয়ে দুইটি মামলা করেছেন। সিলেট মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক হত্যা মামলায় মাহবুব কাদির শাহী ও জামাল আহমদ খানকে আসামি করার পর এই মামলা দুইটি হলো।
বিমানবন্দর থানার ওসি জানান, মাহবুব কাদির শাহীর ভাইয়ের দায়ের করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল আহাদ খান জামালসহ ৭৭ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে এজাহারে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত বলে উল্লেখ করা হয়। এছাড়া কালা জামালের ভাই মখলিছুর রহমানের দায়ের করা মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়েছে।
