পাচারের একমাস পর মাকে ফিরে পেয়েছে চার অবুঝ শিশু

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:২৬
বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রাম থেকে ভারতে পাচার হওয়া গৃহবধূকে বুধবার ভোরবেলা ময়মনসিংহ শহর থেকে পুলিশ উদ্ধার করেছে। ফলে মা-হারা চার সন্তান তাদের মাকে ফিরে পেয়েছে। সন্তানহারা মা ফিরে পেয়েছে তার চার সন্তানকে। জানা গেছে, নারী পাচার চক্রের সদস্য শিবশংকর মান্না দে নামে এক ভারতীয় নাগরিক বেশ কিছুদিন পূর্বে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে ঘন ঘন ওই গ্রামে আসা-যাওয়া করতো। এই সুযোগে গত একমাস পূর্বে ভারতীয় নাগরিক মান্না দে মোটা বেতনে চাকরি দেয়ার লোভ দেখিয়ে মেরুরচর গ্রামের এক গৃহবধূকে সীমান্তপথে ভারতে পাচার করে। এ ব্যাপরে ১৫ জুন দৈনিক ইত্তেফাকে একটি সচিত্র খবর প্রকাশের পর পুলিশের টনক নড়ে এবং বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। তাঁর স্বামী বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ নারী পাচার চক্রের সদস্য শিবশংকর মান্না দে’র সাথে মোবাইলে কথা বলে ঐ গৃহবধূর মুক্তির জন্য চাপ প্রয়োগ করে। পুলিশের চাপের মুখে মান্না দে তাঁকে অজ্ঞাত স্থান দিয়ে চোরাইপথে ভারতীয় সীমান্ত পার করে দেয়। পরে বুধবার ভোরবেলা ময়মনসিংহ শহর থেকে বকশীগঞ্জ থানার পুলিশ মাহফুজাকে উদ্ধার করে। একই সময় পুলিশ নারী পাচার চক্রের সদস্য জালাল মিয়াকে আটক করে।