হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার সকালে দুই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করে। তারা চীনের গুয়াংজু থেকে বিএস-৩২৬ ফ্লাইটযোগে বাংলাদেশে আসেন। আটককৃতরা হলেন মাকসুদুর রহমান ও মোহাম্মদ শাকিল মোল্লা।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ জানতে পারেন, গুয়াংজু থেকে বিএস-৩২৬ ফ্লাইটযোগে স্বর্ণ চোরাচালান এদেশে আসছে। এর পরিপ্রেক্ষিতে কাস্টমসের একটি গোয়েন্দা দল উক্ত ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে। পরে ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছালে তাদের শনাক্ত করা হয় এবং একপর্যায়ে ওই যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের কাছে স্বর্ণ আছে কি না জানতে চাওয়া হয়। কিন্তু তারা স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু চ্যানেলের আর্চওয়েতে নিয়ে আসলে দেহে ধাতব বস্তুর অস্তিত্বের সংকেত পাওয়া যায়। অধিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের রেকটাম থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ২৪৭ গ্রাম। আটককৃত স্বর্ণবারের মোট মূল্য ১ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা। তিনি আরো জানান, আটকের পর তাদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
