নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল মঙ্গলবার এ শুনানি অনুষ্ঠিত হয়। পরে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আগামী ১০ জুন পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাইকোসহ ১৭টি মামলার বিচারের জন্য কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থানান্তর করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিস পাঠান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। নোটিসের জবাব না পেয়ে এ রিট দায়েরের মাধ্যমে প্রজ্ঞাপন বাতিলের আবেদন জানানো হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী ও মওদুদ আহমদ এবং রাষ্ট্রপক্ষে অ্যাটনি জেনারেল মাহবুবে আলম। এ সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, এম মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল, মীর হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
