দেশের বিভিন্নস্থানে বৃদ্ধসহ ৩ জন খুন হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
হোসেনপুরে বল্লমের আঘাতে যুবক নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোলাল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের প্রবাসী আজিজুল হকের ধান ক্ষেতে একই গ্রামের একরাম হোসেন ও জিলু মিয়ার গরু এলে ধান খেয়ে ফেলে। আজিজুলের স্ত্রী মজিদা এর প্রতিবাদ করলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন সোলাল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সোলাল মিয়া প্রবাসী আজিজুলের ভাগ্নে এবং একই উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মহব্বত আলীর পুত্র।
বেলকুচিতে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুরে হাবিবুর রহমান নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হাবিবুর রহমানকে হত্যা করে লাশ নাড়ামুড়ি মাঠে ফেলে পালিয়ে যায়। বুধবার সকালে এলাকাবাসী নিহতের হাত-পা বাধা রক্তমাখা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
সৈয়দপুরে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারের সন্নিকটে মাজারেরপাড় নামক স্থান থেকে মধ্য বয়সী পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পথচারীরা মহসড়কের উপরে ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশকে খবর দেয়। লাশের উপর দিয়ে কোন যানবাহন চলে যাওয়ায় বিকৃত হয়ে যায় লাশটি। শুধুমাত্র একটি হাত অক্ষত রয়েছে।
