পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রসহ বিভিন্ন স্থান থেকে পাঁচজনের লাশ উদ্ধারের খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
চাটমোহরে ছাত্রসহ ২ জনের লাশ উদ্ধার
পাবনার চাটমোহরে মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসার এক ছাত্রসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই মাঠের মধ্যে পাট ক্ষেত থেকে ইমরান হোসেন (১২) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সে আত্মহত্যা করেছে। এদিকে, উপজেলার কুয়াবাসী গ্রাম থেকে ইকবাল হোসেন (৩৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
সুন্দরগঞ্জে মহিলার লাশ উদ্ধার
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শিবরাম গ্রাম থেকে গতকাল বুধবার সকালে পাট জাগের নিচ থেকে রহিমা বেগম (৬৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। অধীন সরদার পাট জাগ দেখতে গিয়ে মহিলার লাশ দেখতে পান। ওসি জানান, লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈরে ছাত্রের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দার মানিক গ্রামের কারিমুল ইসলাম স্কুল এন্ড কলেজের ডুবা থেকে গতকাল বুধবার সকালে মো. শিমুল মিয়া (৬) নামে শিশু শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে স্কুল কর্তৃপক্ষ। নিহত শিমুলের পরিবার জানায়, সে সকাল ৮টায় স্কুলে যায়।
নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ ইছামতি নদীর সেতুর নিচ থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাত পরিচয় (২৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার এস.আই মোশফিকুর রহমান জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
