অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সরকারও এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে এবং অতি অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। যেহেতু অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে সেহেতু অতি শ্রীঘ্রই আসামিদের বিচার শুরু হবে বলে আমি মনে করি। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
গতকাল নুসরাত হত্যা মামলায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়ে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পিবিআই। আজ এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে সংস্থাটির প্রধান জানিয়েছেন।
