গ্রেফতার নয়, ক্ষমা চাওয়ায় খুশি মমতা

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:৪২
ক্ষমাপ্রার্থনা করে দলকে কেবল একটা চিঠিই দিয়েছেন নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠা তৃণমূল কংগ্রেসের অভিনেতা সংসদ সদস্য তাপস পাল! আর তাতেই পার পেয়ে গেলেন তিনি! তাপসের চিঠিতে সন্তুষ্ট খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চরম অশালীন ও উস্কানিমূলক মন্তব্য করা সত্ত্বেও তাপসকে যে গ্রেফতার করা হবে না, এমনকি রাজনৈতিক স্তরেও কোনও ব্যবস্থা নেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। গত মঙ্গলবার মমতা বিষয়টি স্পষ্ট করে বলেন, তিনি চান তাপস প্রকাশ্যে ক্ষমা প্রার্থণা করুক। খবর এনডিটিভি ও আনন্দবাজারের। বিভিন্ন মহল থেকে তাপসকে গ্রেফতার করার দাবি উঠেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, ওই সাংসদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে সাংসদের মন্তব্যের ভিডিও ফুটেজও চেয়েছে তারা। মঙ্গলবার তাপসের কুরুচিপূর্ণ মন্তব্যের আরও একটি ভিডিও ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে। গত ১৪ জুন নাকাশিপাড়ার চৌমুহা গ্রামে বিরোধীদের ঘরে তৃণমূলের ছেলে ঢুকিয়ে ধর্ষণ করানোর হুমকি দেওয়ার দিনই তেহট্টের গোপীনাথপুর গ্রামে গিয়ে তিনি বলেছিলেন, যারা মানুষকে খুন করে, তারা মানুষ হতে পারে না। ওর মা কুকুরের সাথে শুয়েছিল। এই সিপিএমের বাচ্চা যারা, তাদের ছাড়বেন না। যত দিন তাপস পাল আপনাদের সঙ্গে আছে, তত দিন কোনও সিপিএমের বাচ্চাকে ছাড়বেন না।... মেয়েদেরও একটা কথা বলছি, বঁটি চেনেন?.. আপনারা বঁটিটা দিয়ে পারলে কেটে দিন নলিটা। তাপসের নতুন ফুটেজ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি তৃণমূল নেতৃত্ব। দলের এক শীর্ষ নেতা এ দিন বলেন, তাপস ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না তা দল ঠিক করবে। এর ঘণ্টা তিনেক পরেই অবশ্য ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তাপসের বিরুদ্ধে আইনগত কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এ ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তেজিত মুখ্যমন্ত্রী বলেন, আমি কি ওকে খুন করব? তা হলে তাপসের ব্যাপারে কী করা হবে? বিশেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় যখন দাবি করছেন, দলীয় সাংসদের আচরণে মমতা গভীর ভাবে শোকাহত এবং মর্মাহত! তাপসের ক্ষমাপ্রার্থনাতেই যে বিষয়টি চুকে যাবে, সেটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা শুধু ছোট ভুল (মিসটেক) নয়। এটা চরম ভুল। ওকে নিন্দা করা হয়েছে। নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। ক্ষমাপ্রার্থনার চিঠিতে তাপস বলেছেন, নির্বাচনী প্রচারের তাপ-উত্তাপের মধ্যে আমার বলা কিছু কথা আপনাদের বিচলিত করেছে। এই জাতীয় কুকথা বলে আমি ছোট করেছি আমার দল তৃণমূল কংগ্রেসকে। আমার কোনও অজুহাত দেওয়ার নেই। কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কখনও এ রকম ঘটবে না। আমি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। তাপস ‘নির্বাচনী প্রচারের তাপ-উত্তাপের যুক্তি দিলেও এই সব অশালীন মন্তব্য তিনি করেছেন দিন পনেরো আগে। যার এক মাস আগে লোকসভা নির্বাচনের ভোট হয়েছে।