মুজিবনগর থেকে অপহূত মামুনুর রশিদ (২৩) নামের এক চাকরিজীবীকে ঝিনাইদহের হনিরণাকুণ্ডু থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মামুনুর রশিদ মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রামের মরহুম আমিনের ছেলে। সে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী।
হরিনাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, মুজিবনগর থেকে মামুনুর রশিদকে বুধবার সকালে অপহরণ করে অপহরণকারী সোহেল আহম্মেদ ও মাজহারুল ইসলাম নিরব মোটর সাইকেলে পালাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার চারা বটতলা নামক স্থানে পৌঁছলে তাদের মোটর সাইকেলের তেল ফুরিয়ে যায়। এসময় অপহূত মামুনুর রশিদ চিত্কার করলে এলাকাবাসী ছুটে আসে। তারা ২ অপহরণকারীকে আটক করে পুলিশকে খবর দেয়। অপহরণকারীদের বাড়ি চুয়াডাঙ্গা সদরে।
ওসি আরো জানান, অপহূত মামুনুর রশিদের নিকট মাজহারুল ইসলাম নিরব ৪ লাখ ৬৩ হাজার টাকা পাবে বলে এ অপহরণের ঘটনা ঘটায় বলে পুলিশকে জানায়।
