চুয়াডাঙ্গা জেলা জজ আদালত ভবনের হাজতখানার বাথরুমের গ্রিল কেটে শাহীন নামে এক আসামি পালিয়ে গেছে। ঘটনাটি গত মঙ্গলবার বিকালের।
মামলার নির্ধারিত দিন মঙ্গলবার বেলা সাড়ে ৯টায় চুরি মামলার আসামি শাহীনকে অন্যান্য আসামির সঙ্গে কারাগার থেকে যথারীতি কোর্ট হাজতে আনা হয়। মামলায় হাজিরা প্রদানশেষে শাহীনকে কোর্ট হাজতে রাখা হয় কারাগারে পাঠানোর জন্য। বিকাল ৩টার দিকে হাজতখানা থেকে গাড়িতে উঠানোর সময় আসামি শাহীনকে না পেলে খোঁজাখুঁজি শুরু হয়। এ অবস্থায়, হাজতখানার বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। দেখা যায়, দরজা ভিতর থেকে ছিটকিনি দিয়ে বাথরুমের ভেন্টিলেটারের গ্রিল কেটে শাহীন পালিয়ে গেছে। পলাতক চুরি মামলার আসামি শাহীন চুয়াডাঙ্গা সদর থানার ডিঙ্গেদহ আনসার ক্যাম্পপাড়ার মৃত আক্তার আলীর পুত্র। ঘটনার দিন বেলা ৩টায় ছুটি হয়ে যাওয়ায় শাহীনের পালিয়ে যাওয়ার বিষয়টি আর জানাজানি হয় নি। পুলিশও বিষয়টি চেপে যাওয়ায় মঙ্গলবার পর্যন্ত সাংবাদিকদের কাছে বিষয়টি অজানা রয়ে গিয়েছিল। চুয়াডাঙ্গার কোর্ট ইন্সপেক্টর ফারুক সত্যতা স্বীকার করে বলেন, পলাতক শাহীনকে এখনো পাওয়া যায় নি।
