প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত্স্য খাতের উন্নয়নে আরো তত্পর হতে মত্স্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী এবং মত্স্য চাষ ও ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী সব প্লাবন এলাকা ও প্রাকৃতিক জলাশয়ে সব জাতের মাছ সংরক্ষণের জন্য সচেতনতা আরো বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৪ উদ্বোধনকালে এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, প্রতিবছর মত্স্য সপ্তাহ পালন মত্স্য সম্পদের সংরক্ষণ ও উত্পাদন বৃদ্ধিতে প্রচুর অবদান রাখছে।
তিনি বলেন, আমাদের অনেক নদী, খাল-বিল, পুকুর এবং বর্ষাকালে বিশাল প্লাবন এলাকা ও প্রাকৃতিক জলাশয় এবং উর্বর কৃষি জমির কারণে ‘ভাতে মাছে বাঙালি’ প্রবাদ চালু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে দীর্ঘদিনের অবহেলার কারণে অনেক নিচু ও প্লাাবন এলাকা এবং পুকুর ভরাট হয়ে গেছে।
তিনি বলেন, বছরের পর পর কীটনাশক, নগরায়ন ও শিল্প দূষণ, অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণের ফলে মাছের আবাস ও প্রজনন এলাকা সংকুচিত হয়ে পড়েছে। মাছের পোনা ও রেনু ধরার ফলে মত্স্য উত্পাদন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে না।
অনুষ্ঠানে মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র ও সচিব সেলিনা আফরোজ উপস্থিত ছিলেন।
