প্রসূতিরা বিনামূল্যে পাবেন অ্যাম্বুলেন্স সার্ভিস : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:৪৮
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজধানীসহ সারাদেশে গরীব গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া হবে। যে সকল গর্ভবতী মহিলা আছেন, প্রসব বেদনায় কাতরাচ্ছেন তাদের পরিবারের কেউ আশেপাশের সরকারি হাসপাতালগুলোর সঙ্গে ফোনে যোগাযোগ করে এখন থেকে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। একই সঙ্গে চলতি অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ২০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শীর্ষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি গর্ভবতী মহিলাদের প্রসবকালীন ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেব। তিনি বলেন, আমাদের দেশে অনেক গরীব মা আছেন যারা অ্যাম্বুলেন্সের ভাড়ার অভাবে অদক্ষ দাই দিয়ে প্রসব করাতে গিয়ে অকালে মৃত্যুবরণ করছেন। তাই সরকার বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেবার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে সারাদেশের সকল হাসপাতালে এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেবার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। এই সার্ভিস দেবার ক্ষেত্রে কেউ ইচ্ছাকৃতভাবে কোন ধরনের অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। চলতি (২০১৪-১৫) অর্থবছরে মধ্য সারাদেশের ২০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ স্থাপন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের জেলা শহরগুলোতে আইসিইউ ও সিসিইউ সেবা দেবার কোন ব্যবস্থা নেই। সে কারণে অনেক রোগীকে বিভাগীয় শহর অথবা ঢাকা শহরের এসে সেবা নিতে হয়। তাই সরকার প্রাথমিকভাবে পুরাতন জেলা ও জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই অর্থবছরে ২০টি জেলা সদর হাসপাতালে এই সেবা চালু করবে। এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক উপস্থিত ছিলেন।