চকরিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:৫১
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মিজানুর রহমান (৩০) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মিজানুর রহমান খুটাখালী ইউনিয়নের দক্ষিণ ফুলছড়িস্থ শিয়াপাড়া গ্রামের মো. কালুর ছেলে। তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। হত্যার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গত বছর হরতালের সময় বিএনপি-জামায়াত কর্মীদের পিকেটিংকালে ধাওয়া ও মারধর করে মিজান ও তার লোকজন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সর্বশেষ মঙ্গলবার দুপুরে সুযোগ পেয়ে তারা মিজানকে খুটাখালী বাজারে একা পেয়ে দা, কিরিচ দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। মিজান অজ্ঞান হয়ে গেলে হামলাকারিরা পালিয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধ লোকজন পাঁচটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। মিজানের ছোট ভাই মুজিবর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াতের ক্যাডাররা তার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।’