গুগল আই/ও কনফারেন্স

স্মার্ট পৃথিবীর দিকে লক্ষ্য গুগলের

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২০:০৯
প্রযুক্তিবিশ্বে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু বরাবরের মতোই ধারণ করে রাখছে গুগল। নিত্যনতুন প্রযুক্তি আর পণ্যের ঘোষণা দিয়ে তারা সবসময়ই চমক ধরে রাখে। বিশেষ করে ডেভেলপারদের নিয়ে তাদের বাত্সরিক সম্মেলন সব প্রযুক্তিপ্রেমীদেরই আগ্রহের অন্যতম মূল স্থানে থাকে। এ বছরেও এই সম্মেলনে গুগল নতুন নতুন সব প্রযুক্তি আর পণ্যের ঘোষণা দিয়ে চমকিত করেছে প্রযুক্তিবিশ্বকে। গুগলের এই বাত্সরিক সম্মেলনের উল্লেখযোগ্য কিছু খবর জানাচ্ছেন তরিকুর রহমান সজীব গুগল মানেই যেন এখন নতুন কোনো চমক। সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরুর এক দশকের মধ্যেই গুগল তাদের কাজের পরিধি বিস্তার করে ছড়িয়ে পড়েছে প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রে। স্মার্টফোন থেকে ট্যাবলেট পিসি, টেলিভিশন থেকে স্মার্ট চশমা—সবখানেই এখন গুগলের সরব উপস্থিতি। বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরির পর থেকে তো গোটা বিশ্বই অ্যান্ড্রয়েডের পেছনে ছুটছে। স্মার্টফোনের বাজারের প্রায় ৮০ ভাগ দখলের সাথে সাথে হেন ইলেক্ট্রনিক্স পণ্য নেই, যাতে অ্যান্ড্রয়েড ব্যবহার করা হচ্ছে না। গুগলের ভবিষ্যত্ পরিকল্পনাও এখন অ্যান্ড্রয়েডকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সম্প্রতি গুগলের ডেভেলপারদের কনফারেন্সেও তার প্রমাণ মিলেছে। প্রতিবছরই গুগল তাদের ডেভেলপারদের নিয়ে আয়োজন করে বাত্সরিক এক সম্মেলন। গুগল আই/ও শিরোনামের এই সম্মেলনে শত শত ডেভেলপারদের হাজির করে তাদের সামনে গুগল তাদের ভবিষ্যত্ পরিকল্পনার কথা প্রকাশ করে থাকে। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। জুনের শেষ সপ্তাহে দুই দিনব্যাপী এই সম্মেলনে অ্যান্ড্রয়েডসহ গুগলের নতুন প্রযুক্তি আর পণ্যের সম্ভারের কথা তুলে ধরে গুগল। অ্যান্ড্রয়েড ওয়ান সাধারণভাবে স্মার্টফোনের বাজারের প্রায় ৮০ ভাগই দখল করে রেখেছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে ব্যবহার করেই বাজারে বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা নিয়ে এসেছে হাই-এন্ড থেকে শুরু করে লো-এন্ড সব স্মার্টফোন। তবে দিন দিন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যত উন্নত হচ্ছে, ততই এটি ঝুঁকে পড়ছে হাই-এন্ড সব হার্ডওয়্যার কনফিগারেশনের দিকে। তবে এখনও উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোতে স্বল্পমূল্যের স্মার্টফোনের বাজার বাড়তির দিকে। এই বাজার মাথায় রেখেই গুগল এবারে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রদর্শন করেছে ডেভেলপারস কনফারেন্সে। অ্যান্ড্রয়েডের এই বিশেষ সংস্করণকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে খুব লো-কনফিগারেশন স্মার্টফোনেও এটি আধুনিক স্মার্টফোনের সব সুবিধাকে তুলে ধরতে পারে। স্মার্টফোন নির্মাতারা গুগলের সাথে যৌথ উদ্যোগে এসব লো-এন্ড স্মার্টফোন বাজারে আনতে পারবে। ইতোমধ্যেই ভারতের মাইক্রোম্যাক্স, স্পাইস, কার্বনের মতো প্রতিষ্ঠানের সাথে গুগলের যোগাযোগ সম্পন্ন হয়েছে। এসব প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ওয়ান ব্যবহার করে ১০০ ডলারের মধ্যেই বাজারে আনতে পারবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। ফলে স্বল্পমূল্যের স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান মূল ভরসা হয়ে উঠবে বলে আশা করছে গুগল। অ্যান্ড্রয়েড ওয়্যার স্মার্ট হাতঘড়ির বাজার ক্রমশই বাড়ছে বিশ্বব্যাপী। এর মধ্যেই পেবল, সনি এবং স্যামসাংয়ের স্মার্ট হাতঘড়ি দৃষ্টি আকর্ষণ করেছে প্রযুক্তিপ্রেমীদের। ক্রমবর্ধমান এই বাজারকেও অ্যান্ড্রয়েডের দখলে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছে গুগল। অ্যান্ড্রয়েড ওয়্যার তারই প্রমাণ। স্যামসাং তাদের গ্যালাক্সি গিয়ারের পাশাপাশি অ্যান্ড্রয়েড ওয়্যার ব্যবহার করেই স্মার্ট হাতঘড়ি বাজারজাত করবে এ বছরেই। তবে গুগল আই/ওতে এলজির জি ওয়াচ প্রদর্শন করা হয়। পকেটের স্মার্টফোনটির সাথে সিনক্রোনাইজ করে নিলে এই স্মার্ট হাতঘড়ি স্মার্টফোনের প্রায় নোটিফিকেশনই জানিয়ে দেবে ব্যবহারকারীকে। অ্যান্ড্রয়েড ওয়্যারের বড় একটি সুবিধা হলো একে জেশ্চারের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাত্ হাতের বিভিন্ন ইশারাতেই চালানো যায় এই হাতঘড়িকে। জিপিএস লোকেশন, ভয়েস সার্চ, ভয়েস কমান্ড, এসএমএস, ইমেইল, ভয়েস কলের মতো সব ফিচারই রয়েছে এই স্মার্ট হাতঘড়িতে। অ্যান্ড্রয়েড ওয়্যার ব্যবহার করে তৈরি স্যামসাংয়ের স্মার্ট হাতঘড়িতে বাড়তি সুবিধা হিসেবে হূদস্পন্দন পরিমাপের সুবিধা থাকছে বলেও জানা গেছে। অ্যান্ড্রয়েড এল স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডের আরও একটি নতুন সংস্করণও প্রদর্শন করেছে গুগল। অ্যান্ড্রয়েড এল নামের এই সংস্করণটি ডিজাইনের দিক থেকে যেমন আগের সংস্করণগুলোর থেকে আলাদা করা হয়েছে, তেমনি এতে বাড়তি কিছু ফিচারও ব্যবহার করা হয়েছে। মাইক্রোসফট বা অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমগুলোকে যেমন অনেক রঙের ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড এল সংস্করণেও তেমন অনেক রঙের ব্যবহার নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ইন্টারফেস ডিজাইন। রয়েছে অ্যানিমেশনের ব্যবহার। প্রজেক্ট ভোল্টা নামের একটি বিশেষ ফিচার ব্যবহার করে এটি মোবাইল ডিভাইসের ব্যাটারির স্থায়িত্বও বাড়িয়ে দেবে। তাছাড়া উন্নত নোটিফিকেশন সিস্টেম এর ব্যবহারকারীকে বাড়তি সুবিধা প্রদান করবে। আর অথেনটিকেশন এবং অ্যান্টিথেফট প্রযুক্তির ব্যবহার ফোন বা ট্যাবের চুরি রোধ করতেও ভূমিকা রাখবে বলে জানিয়েছে গুগল। এ বছরেই অ্যান্ড্রয়েড এল বাজারে আসবে বলে আশাবাদী গুগল। গাড়ির জন্য অ্যান্ড্রয়েড অটো গাড়ির জন্য অ্যাপলের বিশেষ ইকোসিস্টেমের ঘোষণার পর এটা পূর্বানুমিতই ছিল যে গুগলও বসে থাকবে না। অ্যান্ড্রয়েড অটো দিয়ে সেই পথই অনুসরণ করেছে গুগল। গাড়িতে বসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সব ধরনের সুবিধাই ব্যবহার করার সুযোগ করে দেবে অ্যান্ড্রয়েড অটো। গাড়িতে ব্যবহারের জন্য হ্যান্ডস-ফ্রি অপারেটিং সুবিধা পাওয়া যাবে এতে। তাছাড়া গাড়ির ড্যাশবোর্ডে একটি টাচস্ক্রিন ইন্টারফেসও থাকবে। গুগল ম্যাপ এবং জিপিএস নেভিগেশন থাকায় অ্যন্ড্রয়েড অটো ব্যবহার করে গাড়ি চালালে এটি যাত্রাপথের পুরো অংশেই পথ নির্দেশনা প্রদান করবে উচ্চস্বরে। এসময় ফোনে এসএমএস বা ইমেইল আসলে তা পড়েও শোনানো হবে। আর গাড়ির স্টিয়ারিং হুইলের সাথে যুক্ত বিশেষ বাটন ব্যবহার করেই এগুলোর প্রত্যুত্তর করা যাবে। গুগল জানিয়েছে, ইতোমধ্যেই বিশ্বের শীর্ষস্থানীয় ৪০টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড অটো ব্যবহারের জন্য আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড গাড়ি বাজারে আসতে খুব বেশি সময় লাগবে না। টিভিতে অ্যান্ড্রয়েড এর আগে গুগল টিভি তৈরি করে তেমন একটা সাড়া ফেলতে পারেনি গুগল। তবে হাল না ছেড়ে দিয়ে তাদের ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকেই এবারে নিয়ে এসেছে টিভিতে। গান, গেমস, অ্যাপস, মুভি, টিভি শো সবকিছুর সমন্বয়ে অ্যান্ড্রয়েড টিভিকে মূলত তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গ বিনোদন সিস্টেম হিসেবেই। সেট-টপ বক্স ব্যবহার করে টেলিভিশন চ্যানেলের পাশাপাশি সব ধরনের অনলাইন কনটেন্ট ব্যবহার করা যাবে এই টিভিতে। মূলত অ্যান্ড্রয়েড এল-এর ইন্টারফেস ব্যবহার করেই একে ডিজাইন করা হয়েছে। অ্যান্ড্রয়েড টিভি তৈরিতে গুগলের পার্টনার হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছে সনি, শার্প এবং এলজি। অ্যান্ড্রয়েড টিভির আগমন টেলিভিশন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দেবে বলেই আশাবাদ ব্যক্ত করেছে গুগল। ক্রস প্ল্যাটফর্মে ক্রোম-অ্যান্ড্রয়েড বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনতে গুগল গ্রহণ করেছে নতুন উদ্যোগ। তাই মোবাইল ডিভাইসের জন্য তাদের অ্যান্ড্রয়েড এবং নোটবুক ও ডেস্কটপ ডিভাইসের জন্য ক্রোম অপারেটিং সিস্টেমের মধ্যেকার সিনক্রোনাইজেশন নিশ্চিত করেছে তারা। ফলে এখন ক্রোমবুক থেকেই অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করা যাবে, ক্রোমবুকে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস। তাছাড়া অ্যান্ড্রয়েডের যাবতীয় নোটিফিকেশন এখন হাজির হবে ক্রোমবুকের নোটিফিকেশন সেন্টারে। সম্মেলনে গুগল জানিয়েছে, ক্রোমবুকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। আগামী দিনগুলোতে ল্যাপটপ বা নোটবুক নির্মাতারা ক্রোমবুকের দিকেই ঝুঁকে পড়তে যাচ্ছেন। ফলে গুগলের সব ধরনের ডিভাইসের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে, তা নিশ্চিত করতেই ক্রস প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে গুগল। গুগল ফিট প্রযুক্তির ব্যবহারে শারীরিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে গুগল ফিট নামে নতুন এক প্ল্যাটফর্ম ঘোষণা করেছে গুগল। অ্যাপলের হেলথকিটের মতোই গুগল ফিট বিভিন্ন ধরনের ফিটনেস গ্যাজেটের সাথে যুক্ত থেকে ব্যবহারকারীর শারীরিক সব তথ্য সংগ্রহ করতে পারবে। আর এসব তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য অনন্য একটি প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে গুগল ফিট। নাইকি, অ্যাডিডাসের মতো বড় বড় সব প্রতিষ্ঠান গুগল ফিট নিয়ে কাজ করবে বলে জানিয়েছে গুগল। এর স্ট্যান্ডার্ড ডেভেলপারস কিট আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অবমুক্ত হবে বলে জানিয়েছে তারা।