অভিনয় না মন্ত্রিত্ব

দোটানায় স্মৃতি ইরানি

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২০:২০
নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া ইরানি অভিনয়টা অবশ্য এখনও পুরোপুরি ছাড়েননি। কিন্তু মন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাঘাত ঘটছে তার অভিনয়ের শিডিউলে। সম্প্র্রতি ‘অল ইজ ওয়েল’ সিনেমার শুটিং পেছাতে হয়েছে তিনি সময় দিতে না পারায়। ‘ওহ মাই গড’-খ্যাত পরিচালক উমেশ শুকলা পরিচালনা করছেন রোমান্টিক ড্রামা মুভি ‘অল ইজ ওয়েল’। সিনেমার মূল চরিত্রে আছেন অভিষেক বচ্চন আর আসিন। এছাড়া অভিষেকের বাবার ভূমিকায় ঋষি কাপুর এবং আসিনের মায়ের ভূমিকায় স্মৃতি ইরানি অভিনয় করছেন। সিনেমাটি এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে প্রাথমিকভাবে জানান হয়েছিল। কিন্তু সিনেমার শুটিং সময়মতো শেষ হবে কিনা তা নিয়েই এখন চিন্তায় পড়েছেন পরিচালক উমেশ। স্মৃতি ইরানি ইতোমধ্যেই পরিচালকের কাছে সময় চেয়েছেন। বলেছেন সিনেমায় তার কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে। ভারতীয় দৈনিক মিড ডে এক সূত্রের বরাত দিয়ে বলছে, ‘জুনের দ্বিতীয় সপ্তাহে স্মৃতির শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তার সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। পরিচালককে শুটিংয়ের তারিখ এগিয়ে আনার অনুরোধ করেছেন তিনি। অবশ্যই সিনেমায় কাজ শেষ করবেন তিনি। কিন্তু তার আগে তাকে মন্ত্রিসভার দায়িত্বগুলো সারতে হবে।’ সিনেমার শুটিং পিছিয়ে যাওয়ায় সিনেমার মুক্তির তারিখ নিয়ে শংকা দেখা দিয়েছে। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শিমলায় সিনেমার শুটিং এর মাঝপথে চলে আসতে স্মৃতি ইরানিকে। যদিও সিনেমার প্রোডাকশন টিমের এক সদস্য জানিয়েছেন, ইরানি এরই মধ্যে নতুন শিডিউল দিয়েছেন আর সে অনুযায়ী অন্য অভিনেতাদের শিডিউল মেলানোর চেষ্টা করা হচ্ছে। স্মৃতি ইরানির দপ্তরে বলিউড তারকারা ছোটপর্দার সিরিয়াল অভিনেত্রী থেকে এখন ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। আর খুব স্বাভাবিকভাবেই স্মৃতির এই ক্যারিয়ার সাফল্যের পর তার পুরনো বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাতে আসছেন তার দরবারে। এমন এক শুভেচ্ছা আসরে দক্ষিণী নায়িকা ও হালের বলিউড তারকা অসিন স্মৃতির সাথে দেখা করতে এসেই সিকিউরিটি থেকে শুরু করে সবাইকে তাক লাগিয়ে দেন! চড়া গলায় বলতে থাকেন, ‘স্মৃতি আমার মা, আমি মন্ত্রীর মেয়ে!’ এই শুনে স্মৃতির ব্যক্তিগত দেহরক্ষীও কিছুটা ভিমরি খেয়ে পড়েন! কী করবেন বুঝে উঠতে পারেন না। অমনি স্মৃতি নিজে এসেই ‘বেটি’ বলে অসিনকে জড়িয়ে ধরলে আশপাশের মানুষদের বিভ্রান্তি আরও খানিকটা বাড়ে। এরপর একগাল হেসে অসিন নিজের চতুর অভিনয় কাটিয়ে বলেন, ‘অনস্ক্রিনে স্মৃতি আমার মা। আমার জীবন তো অনস্ক্রিনেই বেশি। তাই তাকে আমি ‘মা’ ডাকব না কেন!’ জানা যায় পরিচালক উমেশ শুক্লার আপকামিং মুভিতে কাজ করতে গিয়ে মা-মেয়ে হিসেবে দারুণ বন্ধুত্ব জমে স্মৃতি আর অসিনের। এদিকে নতুন সিরিয়ালের শুটিং আর মসনদের এত বড় দায়িত্বের ভেতরে কোনটিকে বেছে নেবেন তা নিয়েই তিনি রয়েছেন মহা দোটানায়। এদিকে মিডিয়াগুলোও যেন বেশ জোরেসোরেই পিছু লেগেছেন স্মৃতি ইরানির। কেউ বলছেন শিক্ষামন্ত্রীর যথাযথ শিক্ষাগত যোগ্যতা নেই। এছাড়া সম্প্রতি একটি অনলাইন ইন্টারভিউতে স্মৃতি বলেছেন, ‘আমার সবকিছু গুছিয়ে নিতেও সময় লাগবে। তবে আমি সবকিছু মিলিয়েই স্মৃতি ইরানি। কোনো কিছুকে বাদ দিয়ে নয়। দুটো পরিচয়ই আমার কাছে সমান সম্মানের।’