হারিয়ে যাচ্ছে মিঠাপানির মাছ

ওসমানীনগরের জলাশয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১০
সিলেটের ওসমানীনগরের সর্বত্র অবৈধ কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মত্স্য ধরার কারণে দেশীয় প্রজাতির অনেক মাছ এখন হারিয়ে যেতে বসেছে। ফলে অদূর ভবিষ্যতে এ এলাকায় মিঠাপানির মাছের আকাল দেখা দিতে পারে বলে অভিজ্ঞজনদের আশংকা। অন্য বছরের তুলনায় এ বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মিঠা পানির মাছের প্রজনন মৌসুমে অত্যাধিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে এবার মাছের প্রজনন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু অতি লোভী মত্স্য ব্যবসায়ীদের কারণে মা মাছ ও রেণু পোনা পাচ্ছে না। উপজেলার প্রায় সবকটি বাজারে কারেন্ট জাল দেদারসে বিক্রি হলেও প্রশাসন রয়েছে নির্বিকার। সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিয়ে জাল বিক্রির সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। সরেজমিন সবকটি হাওর ও বিলে গিয়ে দেখা গেছে, অবৈধ কারেন্ট জাল দিয়ে অবাধে পোনা মাছ ধরা হচ্ছে। বিষয়টি দেখেও না দেখার ভান করছে মত্স্য অধিদপ্তর। বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, শেরপুর, বুরুঙ্গা বাজারসহ বিভিন্ন বাজারে প্রায় ১৫/২০টি দোকানে নিষিদ্ধ কারেন্ট জাল খোলামেলাভাবে বিক্রি করা হচ্ছে। ক্রেতারাও এসব জাল নির্দ্বিধায় ক্রয় করে নিয়ে যাচ্ছেন। উপজেলা মত্স্য কর্মকর্তা আবুল কালাম আজাদ অবৈধ কারেন্ট জালের কারণে দেশীয় মাছ কমে যাওয়ার কথা স্বীকার করে বলেন, মত্স্য অধিদপ্তর আগেও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে হাওর ও বিলে অভিযান চালিয়েছে। বর্তমানেও অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। শিঘ্রই কারেন্ট জাল মাছ শিকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে।