মির্জাপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১১
মির্জাপুরে বানিয়ারা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে চোর সন্দেহে গণপিটুনিতে রুবেল (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বানিয়ারা গ্রামের মোমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বানিয়ারা, কড়াইল, ডোকলাহাটি, গোড়ান, বলটিয়া, দেওভোগ, মহেড়া, ছাওয়ালীসহ বিভিন্ন গ্রামে গণহারে চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন নির্বিকার। ঘটনার দিন রাতে কহিনুর মিয়ার বাড়িতে কবুতর চুরি হয়। বাড়ির লোকজন টের পেয়ে চিত্কার করলে আশপাশের লোকজন চোর সন্দেহে রুবেলকে আটক করে বেঁধে রাখে। সকালে এলাকার কিছু লোকজন রুবেলকে গণপিটুনি দেয়। সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সকাল নয়টায় সে মারা যায়। রুবেলের ভাই ইকবাল হোসেন বলেন, রুবেল চোর নয়। সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। পূর্ব শত্রুতার জের ধরে কহিনুর, মনির, মঞ্জু, রিফাত, আলামিন, দ্রুব, জিহাদ পরিকল্পিতভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেলকে হত্যা করেছে। মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার নিরঞ্জন বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।