পিরোজপুরে পৌর পানির বিল আদায়ে মিটার পদ্ধতি

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১১
পিরোজপুর পৌরসভার নাগরিকদের জন্য পানি সরবরাহ ব্যবস্থায় চলতি মাস থেকে ব্যাপক অগ্রগতি হচ্ছে। এ মাসেই সাড়ে পাঁচ লাখ লিটার ধারণ ক্ষমতার পৌর পানি সরবরাহ প্রকল্প ১৩ লাখ ৬০ হাজার লিটারে উন্নীত হচ্ছে। পানির বিল আদায়ে নির্ধারিত পদ্ধতিও পাল্টে মিটার পদ্ধতিতে বদলে যাচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দু’টি ওভারহেড ট্যাংক, একটি নতুন শোধনাগার ও বিভিন্ন ব্যাসের ৪০ কিলোমিটার নতুন পাইপ লাইন স্থাপন করা হয়েছে। এছাড়া ১০ কিলোমিটার পুরনো পাইপ লাইন সংস্কার করা হয়েছে। ২২ কোটি টাকা ব্যয়ে পিরোজপুর পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পে এই বড় ধরনের পরিবর্তন হয়েছে বলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ জানান। মাঝারি শহর পানি সরবরাহ পানি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ কর্মসূচিতে দু’টি ওভারহেড ট্যাংক নির্মিত হয়েছে, যা পিরোজপুরে এর আগে ছিল না। এ ট্যাংক ব্যবহার করে পৌরসভায় বর্তমানে যে ৪৫ হাজার বাসিন্দা পানি সরবরাহ সুবিধা পাচ্ছেন, তারাসহ নতুন গ্রাহকরা ২৪ ঘন্টা অবিরত সরবরাহ আওতায় থাকবেন। এছাড়া পানি সরবরাহ কেন্দ্রে নতুন একটি শোধনাগার নির্মিত হয়েছে। ১৯৮৩ সালে পৌর পানি প্রকল্প চালুর সময় প্রথম দেড় লাখ লিটার বিশুদ্ধকরণ ক্ষমতা সম্পন্ন যে শোধনাগারটি স্থাপন করা হয়, নতুনটি এর দ্বিগুণ হাওয়ায় এ ক্ষমতা এখন থেকে ঘন্টায় সাড়ে চার লাখ লিটারে পৌঁছবে। বর্তমানে পিরোজপুর পৌর এলাকায় মোট পানি সরবরাহ সংযোগ রয়েছে ৪৩৭০টি। এর মধ্যে আবাসিক ৩৭৮৪টি ও বাণিজ্যিক ২৩০টি। এছাড়া স্ট্রিট হাইড্রেন্ট ও বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের সংযোগসহ অন্যান্য সংযোগ রয়েছে ৩৫৬টি। এ সংযোগে প্রতিদিন সাড়ে পাঁচ লাখ লিটার বা ৫৫ হাজার গ্যালন পানি সরবরাহ করা হয়, যা পৌরবাসীর চাহিদার মাত্র ৪৫ শতাংশ। ২৯ বছর ধরে পিরোজপুরে যে পৌর পানি সরবরাহ চালু রয়েছে তার বিল পদ্ধতি এতদিন পর্যন্ত ছিল নির্ধারিত। যা আধা ইঞ্চি ব্যাস পাইপ লাইনে ২০০ টাকা এবং এক ইঞ্চি ব্যাস পাইপ লাইনে ৪০০ টাকা সর্বনিম্ন বিল সংযোগ গ্রহণকারীরা পরিশোধ করছেন। মিটার পদ্ধতিতে যে বিল প্রথা চালু হচ্ছে তাতে আবাসিক ৮.৫০ টাকা ও বাণিজ্যিক ১২.৫০ টাকা দরে প্রতি ১০০০ লিটারে (ইউনিট) পরিশোধ করতে হবে গ্রাহকদের। আগের সর্বনিম্ন হার একই থাকবে। সংযোগসমূহে ইতিমধ্যে মিটার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলকভাবে এসব মিটার থেকে রিডিং নেয়ার কাজ চলছে। চলতি মাস থেকে মিটার পদ্ধতিতে পানি সরবরাহের বিল প্রথা চালু করতে সামনের আগস্ট মাসের পানির বিলে নতুন দর সংযোজিত হবে। পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক বলেন, মিটার পদ্ধতির বিল চালু হলে পৌর পানি সরবরাহ ব্যবস্থায় অনেক সুফল আনবে। পৌর মেয়রের আশা চলতি রমজানে পৌরবাসীর জন্য উপহার হিসাবে সমপ্রসারিত লাইনে পানি সরবরাহ করা হবে। পৌরসভার সহকারী প্রকৌশলী ও প্রকল্পের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক তানভীর আহমেদ জানান, পানি সরবরাহের মূল কেন্দ্রে এবং বাইপাস রোডের পাশে মাছিমপুরে দু’টি নবনির্মিত ওভারহেড ট্যাংক এবং শোধনাগার পরীক্ষামূলকভাবে মাঝে মাঝে চালু করা হচ্ছে।