হোমনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এলাকার দুই চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো: উপজেলার শ্রীপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে নাছির (২৮) ও একই গ্রামের মতিউর রহমানের ছেলে ফাহাদ মোল্লা (২০)। থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআই শরীফের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ঘাড়মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ও গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বীজ ও সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৪-১৫ মওসুমে রোপা আমন মেরিকা ও রোপা আমন উফশি জাতের চাষে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বছিরউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক ।
নেত্রকোনায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা সদর উপজেলার ৫টি ইউনিয়নের শিলাঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮শ’ কৃষকের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত আমন বীজ ধান ও সার বিতরণ কার্যক্রম গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
ফুলবাড়িতে অস্বাস্থ্যকর খাবার বিক্রির জন্য অর্থদণ্ড
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশে খাবার রাখা ও বিক্রির অপরাধে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মা-বাবার আশীর্বাদ হোটেল নামের প্রতিষ্ঠানের মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাত্ক্ষণিকভাবে পরিশোধ করেন অর্থদণ্ডপ্রাপ্ত হোটেল মালিক। পরে শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ফলসহ কাঁচাবাজারে বিভিন্ন প্রকার শাক-সবজি এবং মাছের মধ্যে ফরমালিন পরীক্ষা করেন আদালত। কিন্তু কোন প্রকার ফরমালিনের আলামত পাওয়া যায়নি।
ধোবাউড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি উপকরণ বিতরণ
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদতা \ গতকাল বৃহস্পতিবার ধোবাউড়া প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
ময়মনসিংহে নারীদের উদ্বুদ্ধকরণ কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে গুটি ইউরিয়া ব্যবহারে শাক-সবজি চাষ বৃদ্ধিতে নারীদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিডিয়াকর্মী, কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। অ্যাপি ওয়ালমার্ট ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন আইএডিসি আবাসিক প্রতিনিধি ইসরাত জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এসএম আবুল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরন নেছা, ওয়ালমার্ট প্রতিনিধি নাহিদ সুলতানা। কর্মশালায় ৫ উপজেলার অর্ধশতাধিক নারী অংশ নেন।
মাদারীপুরে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা
মাদারীপুর প্রতিনিধি \ মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রফিকুল ইসলাম। এতে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মশিউর রহমান, জেলা দুপ্রকের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান খান, এম.এল.এ.এ.-এর প্রধান সমন্বয়কারি খান মো. শহীদ, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার শাহজাহান হাওলাদার, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মালেক, সিপিএফ মোখলেছুর রহমান, ইমাম সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল আলম, এম.এল.এ.এ.-এর আবু দাউদ শামীম প্রমুখ।
ভাণ্ডারিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার ভাণ্ডারিয়ায় স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি-এর সহায়তায় উপজেলা পর্যায়ে বিভিন্ন পক্ষের সাথে গ্রাম আদালত বিষয়ক সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী। ইউএনও কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজেক্ট কো-অর্ডিনেটর সরদার এম আসাদুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম প্রমুখ।
দুমকিতে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা\ দুমকি উপজেলার বিভিন্ন হাটবাজারে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তর পথে । বাজারের বিভিন্ন মাছ ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় না । শুধুমাত্র ঘেরের পাংগাস ও সাগরের মাছ ছাড়া অন্য কোন মাছ পাওয়া যাচ্ছে না । এ সময় কৈ মাগুর শিং পাবদা ভেটকি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়ার কথা কিন্তু কোন মাছই বাজারে নেই। রোজার সময় লোকজনের কষ্ট হচ্ছে। এ বিষয়ে উপজেলা মত্স্য অফিসার বলেন, দুমকির বেশির ভাগ জায়গা বেড়িবাঁধ হওয়ার কারণে কোন পানি প্রবেশ না করায় দেশীয় প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না।
হোসেনপুরে পীর সেজে টাকা নিয়ে উধাও
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের হোসেনপুরে গৃহবধূ সাথী আক্তারের নিকট থেকে ৭৫ হাজার টাকা নিয়ে উধাও হয়েছে এক ভণ্ড পীর। জানা যায়, বুধবার উপজেলার চরহাজীপুর গ্রামের দেরিয়াপাড়া এলাকার কুয়েত প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী সাথী আক্তার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে অটোরিকশাযোগে বাড়িতে যাওয়ার পথে ওই ভণ্ড পীরের সাথে পরিচয় হয়। আলাপচারিতার এক পর্যায়ে মহিলাকে মা ডাক দিয়ে বলেন, তোর অনেক টাকা আছে, আরো টাকার দরকার। টাকার ব্যাগটি দাও ফু দিয়ে দিগুণ করে দেই। মহিলা সরল বিশ্বাসে পীরকে টাকার ব্যাগ দিলে পীর ২ মিনিট চোখ বন্ধ রাখার অনুরোধ জানান। ১ মিনিট যেতে না যেতেই ভণ্ড পীর টাকার ব্যাগ নিয়ে উধাও হয়ে যায়।
সুজানগরে জোরপূর্বক বাগানের গাছ কর্তন
সুজানগর (পাবনা) সংবাদদাতা\ পাবনার সুজানগরের কুড়িপাড়া গ্রামের গোলাম আজম সরকারের একটি বাগান থেকে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক বেশ কিছু আম গাছ কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গোলাম আজম জানিয়েছেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি জমি ভোগ দখলকে কেন্দ্র করে উক্ত গোলাম আজম এবং একই গ্রামের আব্দুস শুকুর প্রামাণিক ও তার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার তারা প্রকাশ্যে গোলাম আজমের বাড়ি সংলগ্ন ওই বাগান থেকে বেশ কিছু মূল্যবান আম গাছ কেটে নিয়ে যায়। সেই সাথে ভবিষ্যতে ওই বাগান দখল করে নেয়ারও হুমকি দেয় বলে অভিযোগকারী আজম সরকার জানান। এ ব্যাপারে উক্ত আজম পাবনার-২ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন করেছেন।
হোসেনপুরে জিপিএ-৫ প্রাপ্তরা কলেজে ভর্তি নিয়ে বিপাকে
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অনেকেই দেশের নামকরা বেসরকারি কলেজ ও সরকারি কলেজে এ বছর ভর্তি হতে পারেনি। ফলে এ ফলাফলের শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। অধিকাংশ জায়গায় তাদেরকে অপেক্ষমান তালিকায় থাকতে হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মুকিব জানান, লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি প্দ্ধতি করা হলে প্রকৃত মেধাবীরা ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতো।
সৈয়দপুরে চারকোল ফ্যাক্টরি ভস্মীভূত
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা\ সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ায় গতকাল বৃহস্পতিবার ভোরে চারকোল ফ্যাক্টরি পুড়ে গেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফ আলীর জ্বালানি খড়ি তৈরির চারকোল (গোল্ডেন) ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ফ্যাক্টরির মেশিন, বৈদ্যুতিক মোটর, চারকোল তৈরির কাঁচামাল পুড়ে যায়। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বেগ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ৪৫
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা\ নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা ইউপির নোয়াপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় ৫টি বাড়ি ভাংচুর করা হয়। আহতদের লোহাগড়া, নড়াইল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছকু মাতুব্বর ও পান্নু মেম্বরের সাথে সাইদুল শেখ ও সোরাফ গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গতকাল সকালে উভয় গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রামদা, লাঠিসোঠা, ইটপাটকেল নিয়ে প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ ৪৫ জন আহত হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ফরমালিনযুক্ত মাছ ও কারেন্ট জাল ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় ফরমালিনযুক্ত ১২০ কেজি বার্মিজ রুই মাছ ও ১৪ কেজি কেঁচকি মাছ এবং ৫শ’ মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে জেলা প্রশাসন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান বাজার আনন্দবাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান অভিযান চালিয়ে এসব জব্দ করেন। এসময় মাছ ব্যবসায়ী আমিন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করলেও কারেন্ট জালের মালিক পালিয়ে যায়।
মোহনগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা\ গত বোরো মৌসুমে চিটা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে খরিফ মৌসুমে রোপা আমন ধান (উফশি ও নেরিকা) চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক। ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
আমতলীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পে নির্বাচন
আমতলী (বরগুনা) সংবাদদাতা\ একটি বাড়ি একটি খামার প্রকল্পের উত্তর তক্তাবুনিয়া গ্রাম উন্নয়ন কমিটির নির্বাচনে হোসনেয়ারা বেগম সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হলদিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হোসনেয়ারা বেগম ৫৭ ভোটের মধ্যে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. মাহবুব আলম পেয়েছেন ১৯ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান।
রায়পুরায় ফরমালিন বিষয়ক সচেতনতামূলক সভা
রায়পুরা(নরসিংদী)সংবাদদাতা\ রায়পুরা উপজেলার বিভিন্ন হাট-বাজারের মত্স্য ব্যবসায়ীদের নিয়ে ফরমালিন বিষয়ক সচেতনতামূলক ভ্রাম্যমাণ সভা গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথক বাজারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রায়পুরা পুরান বাজার, হাসিমপুর ও আলগী বাজারে এ সচেতনতামূলক ভ্রাম্যমাণ সভা করেন নরসিংদীর রায়পুরা উপজেলা মত্স্য বিভাগের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা রিপন কুমার পাল, সহকারী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
মাগুরায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি
মাগুরা প্রতিনিধি\ গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে শহরে র্যালী বের করা হয়। মাগুরা পৌরসভার মেয়রের উদ্যোগে এম আর রোড পৌর অফিস চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে পুলিশ সুপার জিহাদুল কবীর, পৌর মেয়র ইকবাল আখতার খান, সিভিল সার্জন ডা. সুনীল চ্ন্দ্র রায়, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মনোহরদীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার মনোহরদীতে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ২০১৩-১৪ অর্থবছরের রোপা আমন (নেরগা জাত) প্রণোদনা কর্মসূচির আওতায় অগ্রাধিকার তালিকাভুক্ত উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ব্লক থেকে ১৪০ জন কৃষককে সার ও বীজ প্রদান করা হয়। এসময় প্রতিজন কৃষককে ১০ কেজি বীজ ধান ও ৩০ কেজি ডিএটি ও এমওপি সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো:মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।
সোনাতলায় ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্স শ্রেণীর ছাত্র ও নামাজখালি গ্রামের সুভাষ চন্দ্র ঘোষের পুত্র শ্রী সুজন চন্দ্র ঘোষ এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাদের পরিবারের ক্রমাগত উত্থানে ঈর্ষান্বিত হয়ে একই গ্রামের আমিরুল ইসলাম, পুত্র রাহেল ও সুলতান প্রামানিকের পুত্র শহিদুল ইসলামসহ কতিপয় লোক আমাকে ও আমাদের পরিবারের লোকদের সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য জনৈক এক মেয়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের মিথ্যা গুজব ছড়াচ্ছে। তিনি আরও বলেন, তারা প্রতিদিন আমাদের কাছ থেকে চাঁদা দাবি ও নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে।
কুলিয়ারচরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি অফিস কর্তৃক ৩ জুলাই বেলা ১১ টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে ২০২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গিয়াস উদ্দিন, সার ডিলার কামরুজ্জামান বাচ্চু ও সকল সহকারী কৃষি অফিসার প্রমুখ।
