বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে গার্ডের দ্বায়িত্ব পালনরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গার্ডের কক্ষে লাশের পাশেই পড়ে ছিলো তার ব্যবহূত রাইফেলটি।
নিহত পুলিশ কনস্টেবল প্রলব সেন (২০) খুলনা জেলার দিঘলিয়া উপজেলার রাধামাধবপুর গ্রামের প্রদীপ সেনের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নিজের রাইফেল মাথায় ঢেকিয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা সেখানে ছুটে যান। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা আরো জানান, চাকরির প্রতি প্রলবের অনীহা এবং পারিবারিক ভাবে কিছুটা বিপর্যস্ত থাকার কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কয়েক মাস আগে কনস্টেবল প্রলব দ্বায়িত্বে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বাড়ি চলে যায়। এক মাস ২৩ দিন পরে সে ফিরে এসে পুনরায় দায়িত্ব বুঝে নেয়।
