গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ট্রাস্ট নিটওয়্যারকে ৭৬ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২২:২১
গাজীপুরের ট্রাস্ট নিটওয়্যারকে ৭৬ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ভাওয়াল জাতীয় উদ্যানের পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্টের অভিযোগে পরিবেশ অধিপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বৃহস্পতিবার ওই জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৮ সালে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মোহনা ভবানীপুর মৌজায় ট্রাস্ট নিটওয়্যার ডায়িং কারখানাটি স্থাপিত হয়। কারখানাটির পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপি নেই। দীর্ঘদিন ধরে পরিশোধন ছাড়াই তরল বর্জ্য ফেলে কারখানাটি ভাওয়াল জাতীয় উদ্যানের সংবেদনশীল পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন টিম অভিযান চালিয়ে এসব অনিয়ম দেখতে পেয়ে কারখানা কর্তৃপক্ষকে তলব করেন। বৃহস্পতিবার মালিকের পক্ষে কমার্শিয়াল অফিসার তানভির আহমেদ শুনানিতে হাজির হলে শুনানি শেষে ওই জরিমানার আদেশ দেয়া হয়।