লিবিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ আজ শুক্রবার দেশে আনা হচ্ছে। সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঢাকায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার ইত্তেফাককে বলেন, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার ভোরেই দুই বাংলাদেশির লাশ দেশে আনা হবে।
গত ২১ জুন শনিবার রাতে লিবিয়ার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় বেনগাজি শহরের সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোহাম্মদ মিলন ও মোহাম্মদ স্বপন মারা যান। তারা দুই জন ভাই। ঐ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ ৩২ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নিয়েছে। এদিকে লিবিয়ায় একের পর এক প্রবাসীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক প্রেরণকারী ১২টি দেশের প্রতিনিধিরা।
