রাজধানীর রোকেয়া সরণীতে বাসের হেলপারের ধাক্কায় গুরুতর আহত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম বর্ষের ছাত্র শাহিনুর আলম জীবন (২১) দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত শনিবার রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে হাজী পরিবহনের (সাবেক এনা পরিবহন) ঢাকা মেট্রো ব-১১৪৮৩০ বাসের হেলপারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। মারাত্মকভাবে আহত শাহিনকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত শাহিনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাঘমারা পাড়ায়। বাবা-মা ও একমাত্র ছোট বোন নিয়ে ছিল শাহিনের সংসার। গতকাল বিকালে শাহিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে আসে। সে সময় সহপাঠী ও বন্ধুদের কান্নায় ক্যাম্পাসের বাতাস ভারি হয়ে উঠে। শাহিনের মরদেহ বাদ এশা ক্যাম্পাসে আনা হয় এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার শাহিনের জন্য বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। ৬৬তম এ সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে শাহিনের নামে যাত্রী ছাউনি নির্মাণ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হাজী পরিবহনের যৌথ সহায়তায় শাহিনের পরিবারকে ক্ষতি পূরণ এবং তার পরিবারের যোগ্য ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
