ফজরের আযানের পর নৌকা নিয়ে বাপ-বেটার যাত্রা শুরু সুন্দরবনের শেলা নদীর বাইজুড়া খালের উদ্দেশে। ওখানে আগ থেকেই পাতা আছে চরজাল (মাছ ধরার জন্য এক ধরনের বিশেষ জাল)। কিন্তু জালের পাশে যে ওত পেতে আছে হিস্র ক্ষুধার্ত কুমির, কে জানতো?
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই স্থানে পৌঁছায় মংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের আবুল হোসেনের পুত্র জাহাঙ্গীর শেখ (৪০) ও তার ছেলে জাহিদুল শেখ (১৪)। ছেলেকে নৌকায় রেখে বাবা জাল তুলতে খালের পানিতে নামেন। জালে অনেক মাছ বেঁধেছে খুশিতে আত্মহারা বাবা-ছেলে দু’জনই। হঠাত্ একটি কুমির এসে জাহাঙ্গীরের কোমর কামড়ে ধরে। এরপর কুমিরটি জাহাঙ্গীরের শরীর টেনে হিঁচড়ে ছিন্নভিন্ন করে ফেলে। তারপর আর খবর নেই। ছেলে জাহিদুল সকাল ৯টার দিকে এলাকায় ফিরে এসে খবর দেন বনবিভাগ ও এলাকাবাসীকে। জাহাঙ্গীরের লাশ উদ্ধার করতে পারেনি বনবিভাগ।
চাঁদপাই স্টেশনের সহকারী কর্মকর্তা আলমগীর পাঠান জানান, বনবিভাগের নিয়ম মেনেই জাহাঙ্গীর মাছ ধরতে গিয়ে কুমিরের খাবারে পরিণত হয়েছেন।
সুন্দরবনের কুমির বিশেষজ্ঞ ও সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তা আ. রব জানান, শেলা নদীর বাইজুড়া খালে কুমিরের উত্পাত বেশি থাকে। ওই এলাকায় জাহাঙ্গীরসহ এ পর্যন্ত ৩ জেলে কুমিরের খাবারে পরিণত হয়েছে।
