কর্মকর্তা, কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আবারো আন্দোলন শুরু করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে উপাচার্য এ.কেএম নূর-উন-নবীকে অবরুদ্ধ করে রেখে আমরণ কর্মসূচিতে নেমেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। বৃহস্পতিবার এক সমাবেশে আগামী রবিবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
জানা যায়, গত ১৫ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের ৩শ’ ৩৮ জন কর্মকর্তা ও কর্মচারীর চাকরি স্থায়ীকরণ না হওয়ায় কোন ধরনের বেতন-ভাতা পাননি। গত জুন মাসের শেষ সপ্তাহে ২শ’ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণ হলে দেয়া হয় তাদের বেতন-ভাতা। বাকি ১শ’ ৩৮ কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা দেয়া হয়নি। করা হয়নি তাদের চাকরি স্থায়ীকরণ। উপাচার্য জানিয়েছেন, তাদের দাবি অযৌক্তিক। চাকরি বৈধকরণ হলেই তাদের সবধরনের পাওনা পরিশোধ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সমাবেশে বক্তব্য রাখেন সেকশন অফিসার গ্রেড-২ কর্মকর্তা ওবায়দুর রহমান, রফিকুল ইসলাম, মোহাম্মদ রাজু, মোহাম্মদ নূর, গ্রেড- ১ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আবু তাহের, কর্মচারীদের মধ্যে আবদুস সোবহান, শাহ আলম মিয়া, গোলাম রব্বানী প্রমুখ।
