শাহজালাল ব্যাংকের পরিচালক সোলায়মান সাত দিনের রিমান্ডে

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২২:৩৭
অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৩ এপ্রিল নগরীর কোতোয়ালী থানায় মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলাটি পরে দুদকের সিডিউলভুক্ত হয়। গত ২৬ জুন ওই মামলায় সোলায়মানকে ঢাকার বিজয়নগরের আকরাম টাওয়ার থেকে গ্রেফতার করা হয়। এদিকে শুনানি শেষে সোলায়মানকে ফেরত নেয়ার সময় ছবি তুলতে গেলে কর্তব্যরত সাংবাদিক ও ফটো সাংবাদিকদের ওপর হামলা চালায় সোলায়মানের লোকজন। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়।