পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) সফরের প্রতিবাদে রাঙ্গামাটি ও বান্দবানে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বাঙ্গালীদের সংগঠনগুলো।
রাঙ্গামাটিতে আগামী শুক্রবার ও শনিবার সড়ক ও নৌ-পথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য ঐক্যপরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য ছাত্র আন্দোলনসহ ৬টি বাঙ্গালী সংগঠন। করাতকল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঙ্গালী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিএইচটি বাঙ্গালীদের উচ্ছেদ করাসহ পার্বত্য অঞ্চলকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত । পার্বত্য অঞ্চলের সহজ সরল উপজাতীদের বাঙ্গালীদের বিরুদ্ধে উস্কানি দিয়ে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের নাগ গলানোর কোন অধিকার নেই।
বান্দরবানে সিএইচটির সফর বাতিলের দাবিতে ৫ জুলাই থেকে টানা চারদিনের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য নাগরিক পরিষদসহ বাঙ্গালী সংগঠনগুলো। বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সিএইচটি’র সফর প্রতিহত করতে অবরোধ কর্মসূচি ঘোষণা করে বাঙ্গালী সংগঠনগুলো।
